সাভারের আশুলিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনার তিনদিন পর রবিবার দিবাগত রাতে আবুল হোসেন নামে এক গার্মেন্টস ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে। আটকদের নাম এরশাদ হোসেন মাসুম এবং আমির হোসেন। উদ্ধার হওয়া ব্যবসায়ী আবুল হোসেন গাজীপুর জেলার কাশিমপুর থানার তেতুইবাড়ি এলাকার বাসিন্দা। অপহূত ব্যবসায়ীর স্ত্রী রুবিনা আক্তার জানান, গত শুক্রবার বিকালে আশুলিয়া বাজার এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তার স্বামী আবুল হোসেনকে তুলে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ বিষয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, মোবাইল ফোন ট্র্যাকিং করে অপহরনকারীদের অবস্থান নিশ্চিত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে ব্যবসায়ী আবুল হোসেনকে উদ্ধার করা হয়, তাকে অপহরণের অভিযোগে আটক করা হয় দুজনকে। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।