নতুন বছরে দুর্দান্ত সূচনা ইউনাইটেড ও সিটির
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ১৯:৪৫
নতুন বছরের শুরুটা দুর্দান্ত হলো ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের।
স্যার অ্যালেক্স ফার্গুসনের দল ম্যানইউ গত মঙ্গলবার রাতে স্বাগতিক উইগান অ্যাথলেটিককে ৪-০ ব্যবধানে এবং সিটি নিজেদের মাঠ ইত্তিহাদে ৩-০ গোলে হারায় স্টোকসিটিকে। এই জয়ে ম্যানইউ সাত পয়েন্ট ব্যবধানে এগিয়ে থাকলো সিটির চাইতে। ফলে শিরোপা লড়াইয়ে আরো শক্ত অবস্থান গড়লো ফার্গুসনের দল। স্বাগতিক টটেনহ্যাম হটস্পার হোয়াইট হার্ট লেনে পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা রিডিংকে ৩-১ গোলে হারিয়েছে। এই জয়ে তৃতীয় স্থানে উঠে আসে কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের দল। ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত গতিতে ফিরে দারুণ জয় তুলে নেয় টটেনহ্যাম।
প্রিমিয়ার লিগে ২১ রাউন্ডের খেলা শেষে ম্যানইউ ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান সুসংহত করেছে। জাভিয়ার হার্নান্দেজ ও রবিন ফন পার্সির জোড়া গোলে সহজ জয় পায় ম্যানইউ। ৩৫ মিনিটে হার্নান্দেজ উদ্বোধনী গোলটি করেন। ফন পার্সি আট মিনিট বাদে হার্নান্দেজের পাসিং থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন। হার্নান্দেজ তৃতীয় গোলটি করেন ৬৩ মিনিটে। ৮৮ মিনিটে ডাচ তারকা পার্সি দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে পার্সি এ নিয়ে ১৬ গোল করলেন। পার্সি এখন লিগে শীর্ষ গোলদাতা তিনি। হার্নান্দেজের চলতি মৌসুমের গোল সংখ্যা আট।
গত বছরের শেষ দিনে নিজের ৭১তম জম্মবার্ষিকী পালন করা ম্যানইউ কোচ ফার্গুসন খেলা শেষে বলেন, ‘জাভিয়ার হার্নান্দেজ একজন গোলদাতা, আসল পেনাল্টি বক্সের খেলোয়াড়। ফন পার্সির প্রথম গোলটি ছিল চমত্কার। আমরা তার কাছে এমনটাই আশা করতাম, যে কিছু যোগ করতে পারে এবং সে সেটাই করেছে।’
সিটি স্টোক সিটির মাঠে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে। দশ ম্যাচ অপরাজিত থাকার পর স্টোক হার এড়াতে পারেনি সিটির বিপক্ষে।
পাবলো জাবেলেটা প্রথমার্ধ শেষ হওয়ার দুই মিনিট আগে দলের প্রথম গোল করেন। ৫৬ মিনিটে দলের দ্বিতীয় গোলে অবদান রাখেন সিটি’র আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরো। এডিন জেকো গোলটি করেন। ৭৪ মিনিটে অ্যাগুয়েরো পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি আদায় করে নেন। কিন্তু এরপরই হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন অ্যাগুয়েরো।
সিটির সহকারী কোচ ডেভিড প্লাট জানান, অ্যাগুয়েরো আগামী শনিবার এফএ কাপের তৃতীয় রাউন্ডে খেলতে পারছেন না। লিগে ১৩ জানুয়ারি আর্সেনালের ম্যাচেও অনিশ্চিত তিনি।
টটেনহ্যাম ম্যাচের চতুর্থ মিনিটেই গোল হজম করে। রিডিংয়ের পাভেল পোগরেবইয়াক গোল করেন। পাঁচ মিনিট পরেই মাইকেল ডসন টটেনহ্যামকে সমতায় ফেরান। টটেনহ্যামের অপর দুটি গোল করেন ইমানুয়েল আদেবায়োর এবং ক্লিন্ট ডেম্পসে। টটেনহ্যাম চেলসি থেকে এক পয়েন্ট এগিয়ে। কিন্তু দুটি ম্যাচ কম খেলেছে চেলসি।
গতকাল স্টামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ ছিল পয়েন্ট তালিকার সবার নিচে অবস্থান করা কুইন্স পার্ক রেঞ্জার্স।
আর্সেনাল প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয় পেলেও মঙ্গলবার স্বাগতিক সাউদাম্পটন তাদের রুখে দেয়। আর্সেনাল ও সাউদাম্পটনের লড়াই শেষ হয়েছে ১-১ গোলে। চতুর্থস্থানে থাকা চেলসি থেকে আর্সেনালের পয়েন্ট ব্যবধান এখন চার। সেরা চারে থাকার লড়াইটাও কঠিন হয়ে গেল তাদের। কেননা গানার্সরা পঞ্চম স্থানে রয়েছে এখন।
সাউদাম্পটনের গ্যাস্টন রামিরেজ ৩৫ মিনিটে দলকে এগিয়ে দেন। তবে সাউদাম্পটনের গুলে ডু প্রাডো ৪১ মিনিটে আত্মঘাতি গোল করলে ম্যাচে ১-১ গোলে সমতা আসে।
ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবারের ফল
ওয়েস্টব্রুমউইচ আলবিয়ন ১ ফুলহ্যাম ২
ম্যানসিটি ৩ স্টোকসিটি ০
সোয়ানসি সিটি ২ অ্যাস্টন ভিলা ২
টটেনহ্যাম ৩ রিডিং ১
ওয়েস্টহ্যাম ২ নরউইচ সিটি ১
উইগান ০ ম্যানইউ ৪
সাউদাম্পটন ১ আর্সেনাল ১