সি ড নি টে স্ট
অস্ট্রেলিয়া দলে চার পেসার
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ১৯:৪৬
অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক আজ সিডনিতে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের জন্য নিজেকে ফিট ঘোষণা করেছেন। শুধু তাই নয় অস্ট্রেলিয়া দলে চার পেসারকে নেয়া হয়েছে এই টেস্টের জন্য। সিডনিতে এমন ঘটনা ৫৮ বছর পর ঘটল।
মেলবোর্নে শ্রীলংকা পেস ও বাউন্সের বিপক্ষে অসহায় ছিল। সিডনির উইকেটও পেস নির্ভর। অনেকটা সবুজাভ। তাই পূর্ণ পেস আক্রমণ নিয়ে ঝাঁপিয়ে পড়তে চায় অস্ট্রেলিয়া।
ক্লার্ক হ্যামস্ট্রিং ইনজুরির সাথে লড়াই করছেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি পূর্ণ সময় জুড়ে অনুশীলন করেছেন। হোবার্ট ও মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে। তিন টেস্ট ম্যাচের সিরিজ। এখন অজিদের লক্ষ্য ৩-০ ব্যবধানে শ্রীলংকাকে হোয়াইট ওয়াশ করা।
শ্রীলংকাকে কোন সুযোগই যেন দিতে চায় না অস্ট্রেলিয়া। চার পেসার নেয়া হয়েছে দলে। তারা হচ্ছেন মিশেল জনসন,মিশেল স্টার্ক,পিটার সিডল ও জ্যাকসন বার্ড। অফ স্পিনার হিসেবে রয়েছেন নাথান লিয়ন। পাঁচজন মূল বোলার নিয়ে মাঠ নামবে অস্ট্রেলিয়া। ক্লার্ক বলেন,‘আমি ফিট এবং খেলবো। চার ফাস্ট বোলার নিয়ে আমরা যাচ্ছি। উইকেটে ঘাস রয়েছে এবং ছেলেরা আসলেই শেষ টেস্টে ভাল বল করতে পারবে।’
মাইক হাসির বিদায়ী টেস্ট ম্যাচ এটি। তিনি এই ম্যাচে পাঁচে ব্যাট করবেন। পেসার স্টার্ক অলরাউন্ডার শেন ওয়াটসনের বদলে দলে এসেছেন। ইনজুরির জন্য ওয়াটসন খেলতে পারছেন না। ক্লার্ক হাসির প্রসঙ্গ টেনে জানান বিদায়ী টেস্ট ম্যাচে প্রতিটি খেলোয়াড়ের জন্য বিশেষ কিছু। আর জয় হলে সেটা বড় পাওয়া। ক্লার্ক আশা করেন তাই হবে।
অস্ট্রেলিয়া দল :
মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার,এড কাওয়ান,ফিল হিউজ,মাইক হাসি,ম্যাথিউ ওয়েড, পিটার সিডল, মিশেল জনসন, মিশেল স্টার্ক, জ্যাকসন বার্ড, নাথান লিয়ন।