পিএসজিতে যাচ্ছেন না কোল
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ১৯:৪৭
ইংল্যান্ড ও চেলসি ডিফেন্ডার অ্যাশলি কোলের চলমান দলবদলের সময়টুকুতে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ফরাসি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ও বর্তমানে পিএসজি কর্মকর্তা গণমাধ্যমকে দেয়া বক্তব্যে বলেন, ‘আমাদের অ্যাশলে কোলের সাথে কোন কথা কিংবা যোগাযোগ কিছুই হয়নি।’
চলতি মৌসুম শেষেই কোলের সাথে চুক্তি শেষ হচ্ছে চেলসির।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির বর্তমান ম্যানেজার রাফায়েল বেনিতেজ দলে আসার পর পরই এক সংবাদ সম্মেলনে জানান, আসন্ন গ্রীষ্মে স্টামফোর্ড ব্রিজ ছাড়তে পারেন ইংল্যান্ডের হয়ে শততম আন্তর্জাতিক ম্যাচের দোরগোড়ায় এসে দাঁড়ানো কোল। পরে অবশ্য তিনি তার বক্তব্য সংশোধন করে বলেন, কোল চাইলে বর্তমান মেয়াদের পরেও চেলসিতে থাকতে পারে। তবে চুক্তির ব্যাপারে দু’ পক্ষের মধ্যে এখনো কোন সমঝোতা হয়নি। সাবেক চেলসি কোচ কার্লো অ্যানচেলেত্তি বর্তমানে পিএসজির কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। লিওনার্দো দাবি করেছেন, এটিই কোলকে নিয়ে সৃষ্ট গুজবকে উস্কে দিয়েছে। বর্তমান দলের কোন খেলোয়াড় দলত্যাগ করলেই কেবল নতুন কাউকে কেনার কথা পিএসজি বিবেচনা করবে বলে জানিয়েছেন লিওনার্দো। উল্লেখ্য, চলতি দলবদলে এখনো পর্যন্ত একমাত্র নতুন খেলোয়াড় হিসাবে ব্রাজিলিয়ান লুকাস মৌরাকে পাঁচ কোটি ২৮ লাখ ডলারে সাও পাওলো থেকে সাড়ে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাবটি।