উত্সবের অপেক্ষায় ইডেন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২১:০১
অনুষ্ঠানে যারা থাকবেন
পাকিস্তান: ইমতিয়াজ আহমেদ, ইন্তিখাব আলম, সাদিক মোহাম্মদ, মুশতাক মোহাম্মদ, রমিজ রাজা, ওয়াসিম আকরাম, ইনজামাম-উল হক, শোয়েব মালিক।
ভারত: অজিত ওয়াদেকর, গুন্ডাপ্পা বিশ্বনাথ, বিষেন সিং বেদী, সুনীল গাভাস্কার, কপিল দেব, দিলীপ ভেঙসরকার, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, রবি শাস্ত্রী, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষণ, বীরেন্দর শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর।
স্পোর্টস ডেস্ক
ইডেন গার্ডেন ছিল বাঙালির ক্রিকেট আবেগের চরম বহিঃপ্রকাশের জায়গা। পশ্চিমবাংলাকে উত্সবের মেজাজে ভাসিয়ে এই ইডেনে নয় নয় করে ৩৮টি টেস্ট হয়েছে; হয়েছে ২৬টি ওয়ানডে ম্যাচ। আর ইডেনে এই ওয়ানডে কাব্যটা শুরু হয়েছিল ‘ক্ল্যাসিক’ এক ভারত-পাকিস্তান ম্যাচ দিয়েই। ১৯৮৭ সালের সেই ম্যাচের স্মৃতি আজও টাটকা দর্শকদের মনে। আজও অনেকেই মনে করতে পারেন, কৃষ্ণমাচারি শ্রীকান্তের সেঞ্চুরি, সেলিম মালিকের সেই ঝড় এবং ভারতের পরাজয়ের কথা।
ঘটনাচক্রে ম্যাচের ঠিক পঁচিশ বছর পর আবার সেই ইডেনেই মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। নিজেদের মাঠে ওয়ানডের এই রজত জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে রীতিমতো উত্সবে মাতছে আজ কলকাতাবাসী। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) আয়োজন করেছে নানারকম উত্সবের। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভারত ও পাকিস্তানের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে সম্মাননা প্রদান করা।
আজ ভারত-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডের ইনিংস বিরতিতে দুই দেশের তারকাদের জানানো হবে সম্মাননা। প্রথমেই তারকাদের গলফ কোর্সে ব্যবহূত ছোট গাড়িতে করে মাঠে ঘোরানো হবে। এরপর আনুষ্ঠানিকভাবে এই তারকাদের হাতে সম্মাননা হিসাবে এক লাখ রুপী করে তুলে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
ঘটনাচক্রে এই সময়েই কলকাতায় থাকা ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও আমন্ত্রণ জানিয়েছে সিএবি। কিন্তু তাদের দুজনের কারো অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা নেই। তবে দু’ দেশের বোর্ড প্রধান থাকবেন অনুষ্ঠানে। এই ইডেনেই পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ ভারতের পাকিস্তান সফরের ব্যাপারে সম্মতি আদায়ের চেষ্টা চালাবেন।
সিএবির প্রাথমিক পরিকল্পনা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সব জীবিত অধিনায়ককে এক মঞ্চে হাজির করা। কিন্তু বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অধিনায়ক ব্যক্তিগত কাজে উপস্থিত থাকতে পারবেন না বলে ব্যাপারটাকে তারকা সম্মাননায় পরিণত করা হয়েছে।
এই সম্মাননায় সাবেক ক্রিকেটারদের মধ্যে সুনীল গাভাস্কার, কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, ওয়াসিম আকরাম, ইনজামাম-উল হকরা যেমন থাকছেন; তেমনই বর্তমানের মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, শোয়েব মালিকরাও থাকবেন।
আমন্ত্রণ পেলেও অনুষ্ঠানে থাকতে পারছেন না পাকিস্তানের কিংবদন্তী অধিনায়ক ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খান। থাকতে পারছেন না মাত্রই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া ভারতীয় সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকার। এরকম আরও বেশ কয়েকজন অধিনায়ক থাকবেন না। তবে সিএবি আদৌ আমন্ত্রণ জানায়নি ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক এবং ইডেনের বরপুত্র বলে খ্যাত ব্যাটসম্যান মোহাম্মদ আজাহার উদ্দিনকে।
ইডেনের অনুষ্ঠানে আজাহারকে আমন্ত্রণ না জানানোয় ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে। তবে এ ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি সিএবির কেউ। সিএবির এক কর্মকর্তা ভারতীয় একটি পত্রিকাকে বলেছেন, ‘আমরা এখনো আজাহারের ব্যাপারে বোর্ডের সর্বশেষ অবস্থান জানি না। তাই তাকে আমন্ত্রণ জানিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি আমরা।’
এই একটু ‘কলঙ্ক’ বাদ দিলে অনুষ্ঠান ভালোমতোই হবে বলে আশা করা যাচ্ছে। অনুষ্ঠান সফল হওয়ার ব্যাপারে খুবই আশাবাদী সিএবি চেয়ারম্যান ও সাবেক আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া, ‘আমরা ইডেনে ওয়ানডের ২৫ বছর পূর্তিটাকে জাঁকজমকপূর্ণ করে রাখতে চাই। আমরা চেয়েছি, সব অধিনায়ক যেন উপস্থিত থাকেন। এখন দেখা যাক, কে কে উপস্থিত থাকতে পারেন।’