দৃঢ়বিশ্বাসী ইউনিস খান

ইডেনের বরপুত্র কে? উত্তরে নিশ্চয়ই প্রথম দুটো নাম উচ্চারণ হবে দুই হায়দারাবাদির মোহাম্মদ আজাহার উদ্দিন ও ভিভিএস লক্ষণ। এরপরই আরেকজনের কথা ইদানিং বলতে হচ্ছে। তিনি ভারত বা পাকিস্তান কোনো হায়দারাবাদের নন। তিনি মারদানের যোদ্ধা ইউনিস খান। এই ইডেনে দু’টি টেস্ট খেলেছেন, দু’টিতেই সেঞ্চুরি ইউনিসের। এখন অপেক্ষায় আছেন ইডেনে প্রথম ওয়ানডে সেঞ্চুরি করার। আজ ইডেনে খেলতে নামার আগে এই ভেন্যুতে তৃতীয় আন্তর্জাতিক সেঞ্চুরিটা পেয়ে যাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী সাবেক এই পাকিস্তানী অধিনায়ক। ম্যাচের আগের দিন সাংবাদিকদের বলছিলেন, ‘আল্লাহ চাইলে আরেকটা সেঞ্চুরি কালই (আজ) হয়ে যেতে পারে। তবে আমার আসল লক্ষ্য সেঞ্চুরি নয়। আসল লক্ষ্য এমন একটা ইনিংস খেলা, যাতে পাকিস্তানের জয়টা নিশ্চিত হয়।’ এই হল খাঁটি পাঠানের মতো কথা। ইউনিস এই দলীয় ব্যাপারে কখনোই আপোষ করার মানুষ নন। নিজে স্বল্প সময়ের জন্য অধিনায়কত্ব কালে সে প্রমাণও দিয়েছেন। ব্যক্তিগত হিসেবে পাকিস্তানের ক্রিকেটে অনুকরণীয় এই ক্রিকেটার বলছেন, তার দল এখন আসলে জয়ের ছন্দে আছে। আর দলের নতুন এই ছন্দটা তরুণদের মাধ্যমেই এসেছে বলে বিশ্বাস করেন ইউনিস। তিনি বলছেন, তরুণদের সঙ্গে যতোটা সম্ভব সময় কাটান তিনি এবং তাদের ভেতর থেকে সেরাটা বের করে আনতে তার খুবই আগ্রহ, ‘দলে যখন একদল তরুণ আসে; যারা কিনা লড়াই করে নিজেদের স্থায়ী করতে চায়; সেটা দলের চেহারায় বদলে দেয়। আমি এই তরুণ ক্রিকেটারদের সঙ্গে অনেক সময় কাটাই। যতোটা সম্ভব ভালো ও খারাপ সময়ের অভিজ্ঞতা শেয়ার করি। এভাবেই দল এগিয়ে যায়।’ ইউনিসের দৃঢ় বিশ্বাস তার দলের এই চলমান প্রক্রিয়ায় আজ ভারতকে আরেকবার হারিয়ে মাঠ ছাড়তে পারবেন তারা।