আত্মবিশ্বাস খুঁজছেন গম্ভীররা

বাড়ি দিল্লীতে। বেড়েও উঠেছেন সেখানে। তারপরও কাল কলকাতায় এসে গৌতম গম্ভীর বলছেন, ‘নিজের শহরে এলাম।’ কারণ কী? কারণ, এই কলকাতার আইপিএল দল কেকেআরের অধিনায়ক এই গৌতম গম্ভীর। আর এই কারণেই ‘নিজের শহর’ কলকাতায় অন্তত পাকিস্তানের বিপক্ষে একটা জয় দিয়ে সিরিজে সমতা আনার স্বপ্ন দেখছেন গৌতম। যদিও পুরো ভারতের মতোই গৌতম গম্ভীরও আচ্ছন্ন হয়ে আছেন দিল্লীর গণধর্ষণ ঘটনার শোকে। তিনি বলছেন, নিজের কাছেই এসব ক্রিকেটীয় সাফল্য-ব্যর্থতা খুব ক্ষুদ্র ও তুচ্ছ ব্যাপার মনে হচ্ছে। তিনি নিজেও সামাজিক আন্দোলনের ডাক দিলেন। এবং বলছেন যে, অতিদ্রুত এইসব আন্দোলনে নিজেকে জড়াতে চান। দেশের পরিস্থিতির স্থায়ী উন্নয়ন চান। তাই বলে ক্রিকেট ভুলে থাকলে তো চলছে না। গৌতম অকপটে মেনে নিলেন দলের আত্মবিশ্বাসের অবস্থা খুবই খারাপ। তবে সেটা উন্নয়নের পথও জানেন তিনি, ‘দলের জয়ের ক্ষুধাটা আগের মতোই আছে। আগের মতো লড়াকু আছি আমরা। কিন্তু এই মুহূর্তে আমরা জিতছি না। তাই কনফিডেন্সটা নেই। কিন্তু জিতলেই কনফিডেন্স ফেরত আসবে। সমর্থকদের উদ্দেশে একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে বলতে চাই, নতুন বছরেও আমাদের সমর্থন করে যান। আপনাদের মুখে হাসি ফোটানোর সব রকম চেষ্টা আমরা করে যাব।’ ভারত খারাপ পরিস্থিতিতে পড়লে সবচেয়ে বেশি জ্বলে ওঠে সেখানকার সংবাদ মাধ্যম। তাই সংবাদ মাধ্যম থেকে দূরে থেকে একটু আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করছেন গৌতমরা। এখন প্রশ্ন হল, সেটা কী এতো সহজে ফিরবে? অবশ্য গৌতম আশা করছেন, তার ‘নিজের শহর’ কলকাতায় সিরিজে সমতা ফেরাতে পারলেই আবার দর্শক, ক্রিকেটার, সংবাদ মাধ্যম সবাই ইতিবাচক হয়ে উঠবেন। আর সেটাই চ্যালেঞ্জ ভারতের।