মৌলভীবাজার স্কুল
কাবাডিতে সাগরনাল বিদ্যালয় চ্যাম্পিয়ন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২১:০৫
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১২-১৩-এর আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে জুড়ি উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাগরনাল উচ্চ বিদ্যালয় দল।
জুড়ি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে সাগরনাল উচ্চ বিদ্যালয় দল দুটি লোনাসহ ২৬-১০ পয়েন্টে জুড়ি মডেল উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। জুড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জুড়ি উপজেলা চেয়ারম্যান এম,এ.মুমীত আসুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি,এন,খানম একাডেমির ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ চন্দ্র দাশ, জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, জুড়ি উপজেলা মাধ্যমিক অফিসার সমীর কান্তি দে।