টঙ্গীর বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সুবিধার জন্য

আগামী ১১ জানুয়ারি টঙ্গীতে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে এবং দ্বিতীয় পর্ব ১৮ জানুয়ারি শুরু হবে। বিশ্ব ইজতেমায় সারা বিশ্বের শতাধিক দেশের ধর্মপ্রাণ মুসলমানগণ যোগদান করে থাকেন। ইতিমধ্যে অনেক দেশের মুসল্লিগণ ইজতেমার উদ্দেশ্যে দেশে এসে পৌঁছেছেন। ইজতেমা উপলক্ষে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে থাকেন। তারপরও কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত, তরতিব মোতাবেক ময়দানে মাইক দ্বারা নামাজ পড়নো হয় না। কিছু দূর অন্তর মুকাব্বির নিযুক্ত করা আছে, মূল ইমামের শব্দ শুনে মুকাব্বিরগণ উচ্চৈস্বরে নামাজ পরিচালনা করেন এবং সাধারণ মুসল্লিগণ মুকাব্বিরের আওয়াজ শুনে নামাজ পড়েন। কিন্তু যখন সেজদায় যাওয়া হয় তখন ময়দানের পার্শ্ববর্তী এলাকা থেকে মাইকের শব্দ কানে আসে যেমন মসজিদের জন্য সাহায্য দেন, মাদ্রাসার জন্য দান করুন, অন্ধকে সাহায্য দেন, আমার ওষুধে সর্ব রোগ সারে, একদাম একরেট ইত্যাদি এসব কারণে নামাজের ব্যাঘাত ঘটে। দ্বিতীয়ত, ময়দানের চার পাশের শত শত ভুয়া ওষুধ বিক্রেতা মাইক দ্বারা চিত্কার করে ওষুধ বিক্রি করে এবং চমকপ্রদ বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিদের নামাজ পড়া ও বয়ান শোনা থেকে বিরত রাখে। বিশেষ করে নামাজের সময় ময়দানের পার্শ্ববর্তী সকল মাইক বন্ধ রাখা এবং ভুয়া ওষুধ বিক্রেতাদের দূর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. ইমান আলী, লাইব্রেরি শাখা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৬।