শতাধিক গ্রামের মানুষের দুর্ভোগ

চাটমোহরে পাঁচ বছরেও সেতু নির্মাণ হয়নি

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ও ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত গুমানী নদীর ওপর একটি সেতুর নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ঠিকাদার প্রায় তিন বছর আগে সোয়া কোটি টাকা বিল তুলে কাজ ফেলে চলে গেছেন। এ কারণে দুটি উপজেলার শতাধিক গ্রামের প্রায় দুই লাখ মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। নদীর একদিকে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা হাট এবং অন্যদিকে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর হাট। নৌকার মাধ্যমে সাইকেল, মোটর সাইকেল ও মালামাল পারাপার করছেন এলাকাবাসী। ঘাট এলাকায় নদীর এক পাশে দু’টি পিলার দাঁড়িয়ে আছে। এখানে ২০০৭ সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। পাইলিং ও কয়েকটি পিলার তৈরির পর ঠিকাদার কাজ ফেলে চলে যান। এরপর গত পাঁচ বছরে আর কোনো কাজ হয়নি। নির্মাণ কাজের ঠিকাদারি কাজ করেন ঢাকার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ২০১০ সালের এপ্রিলে কাজটি শেষ করার কথা ছিল। কিন্তু ঠিকাদার ১৫৮ দশমিক ৬০ মিটার দীর্ঘ সেতুটির দু’টি অ্যাবাটমেন্ট ওয়ালসহ ২০ শতাংশ কাজ করে প্রায় এক কোটি ১৫ লাখ টাকার বিল তুলে চলে চান। পরবর্তী সময় কাজের মেয়াদ তিন দফা বাড়ানো হলেও ঠিকাদার ফিরে আসেননি। এলজিইডি চাটমোহর উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজটি শেষ হয়নি।