রাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২১:৩১
সেশনজট নিরসনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন, ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা এ কর্মসূচি পালন করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, নিয়মিত ক্লাস না নেয়া, পরীক্ষা দেরীতে অনুষ্ঠিত হওয়া, ফলাফল দেরিতে প্রকাশের কারণে মনোবিজ্ঞান বিভাগে চার বছরের অনার্স কোর্স সম্পন্ন করতে প্রায় ৭ সাত বছর সময় লাগছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন,আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার ফলাফল ও একাডেমিক ক্যালেন্ডারে সকল বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করা না হলে ৯ জানুয়ারি থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি ও ক্লাস বর্জন চলবে।
বিভাগীয় সভাপতি ড. সৈয়দ জিয়াউদ্দিন বলেন, ফলাফল প্রকাশের দায়িত্ব থাকে সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সভাপতির। তারা যদি বিলম্ব করে তাহলে আমার করার কিছু নেই।