গফরগাঁওয়ে হামলায় ইসলামী সম্মেলন পণ্ড

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামে মঙ্গলবার রাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ইসলামী সম্মেলন পণ্ড হয়ে গেছে। এতে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, মঙ্গলবার রাতে ঘাগড়া গ্রামের এস্তেমা মাঠে এলাকাবাসীর উদ্যোগে ৩ দিনব্যাপী বার্ষিক ঘাগড়া ইসলামী সম্মেলন চলছিল। রাত ৮টার দিকে সম্মেলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাজার স্থানান্তরকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ নেতা শিবলী সাদিকের নেতৃত্বে একদল সশস্ত্র নেতাকর্মী সম্মেলনস্থল ঘিরে ফেলে। একপর্যায়ে তারা হামলা চালিয়ে প্যান্ডেল ভাংচুর ও ৫টি মাইক খুলে নিয়ে যায়। এসময় তারা সম্মেলনকে কেন্দ্র করে গড়ে ওঠা ৩/৪টি দোকান ভাংচুর ও লুটপাট করে। শ্রোতারা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করায় সম্মেলন পণ্ড হয়ে যায়। সম্মেলন কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আবু তালেব খোকা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মুসল্লী ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। সম্মেলনের প্রথমদিন পণ্ড হলেও পরবর্তী দু’দিন যথারীতি চলবে। গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম (খোকন) বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।