ভূঞাপুরে ইউপি চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

ভূঞাপুরের নিকরাইল ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মণ্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণ অ্যাডভোকেসি গ্রুপ। টাঙ্গাইল জেলা প্রশাসকের নাকের ডগায় কোর্ট চত্বরে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মণ্ডলের ওপর হামলা চালানো হয়। ঘটনার সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্তও পুলিশ সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারেনি। সন্ত্রাসীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তা না হলে আগামী ৬ জানুয়ারি মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়াও কলম বিরতির মাধ্যমে সারাদেশ অচল করে দেয়ারও হুমকি দেয়া হয়। সম্মেলনে বক্তব্য রাখেন গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল হক তালুকদার ছানু, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, অলোয়া ইউপি চেয়ারম্যান রহিজ উদ্দিন আকন্দ, গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, অজুর্না ইউপি চেয়ারম্যান আয়ুব মোল্লাসহ ইউপি সদস্যবৃন্দ। ২৪ ডিসেম্বর টাঙ্গাইল কোর্ট চত্বর থেকে টেম্পোযোগে ভূঞাপুর ফেরার পথে টাঙ্গাইল শামসুল হক তোরণের কাছে ১০-১২ জন সন্ত্রাসী টেম্পো থামিয়ে ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মণ্ডলের ওপর হামলা চালায়।