পাকিস্তান থেকে মুক্ত হয়েছি সাম্রাজ্যবাদের দাসত্বের জন্য নয়

সাম্রাজ্যবাদবিরোধী সংহতি দিবসের ৪০তম বার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে ’৭১-এ আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। পাকিস্তানের শোষণের জাল উপড়ে ফেলতে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হয়েছিল। স্বাধীন দেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ছাত্র ইউনিয়ন নেতা মতিউল ও কাদেরকে জীবন দিতে হয়েছে। সোভিয়েট ইউনিয়নের বিপর্যয়ের পর সাম্রাজ্যবাদ গোটা বিশ্বকে শোষণের জালে আটকে ফেলতে চাইছে। মতিউল-কাদেরের রক্তের পথ ধরেই তাদের সকল অপচেষ্টা প্রতিহত করা হবে। রক্ত দিয়ে পাকিস্তানের দাসত্ব থেকে আমরা মুক্ত হয়েছি সাম্রাজ্যবাদের দাসত্ব করার জন্য নয়। মঙ্গলবার মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার শুরুতে শহীদ মতিউল ও কাদেরের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন বাসদ-এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, ছাত্র ইউনিয়ন সভাপতি এস এম শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক মলয় সরকার। আলোচনাসভা পরিচালনা করেন বাসদ-এর কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ। খালেকুজ্জামান বলেন, বাংলাদেশের জাতীয় সম্পদ তেল-গ্যাস-বন্দর গ্রাস করতে সাম্রাজ্যবাদ মরিয়া হয়ে উঠেছে।