সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপার বরখাস্ত

উপজেলার সাতগিরি দাখিল মাদ্রাসার সুপার ভুয়া নিবন্ধনে পুত্র ও পুত্রবধূকে চাকরি দেয়ায় সভাপতি গত মঙ্গলবার সুপারকে সাময়িক বরখাস্ত করেছে। জানা গেছে, মাদ্রাসার সুপার আ.ন.ম আবু সালেহ মিয়া গত ১৫ জুলাই/১১ সালে ভুয়া নিবন্ধন সনদ দিয়ে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে নিজ পুত্র সাদেকুজ্জামান ও পুত্রবধূ তুনাজিনা খানমকে সহকারি শিক্ষক পদে চাকরি দেয়। পরবর্তীতে নভেম্বর/১২ সালে ওই শিক্ষকগণ এমপিওভুক্ত হন। বিষয়টি কমিটির সভাপতি জানতে পেরে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিকট আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে ওই শিক্ষকের সনদ সঠিক নয় বলে সভাপতিকে অবহিত করেন। সভাপতি ওই পরিপত্রের মর্মানুযায়ী সুপারকে পর পর বিষয়টি জানতে চেয়ে নোটিস প্রদান করলে তিনি কোন সদুত্তর দেননি। এ দিকে সভাপতি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সুপারকে সাময়িকভাবে বরখাস্ত করে এবং ওই শিক্ষকদের সরকারি অংশের বেতন-ভাতা স্থগিত করেন। এ ব্যাপারে সুপারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এনটিআরসিএ কর্তৃপক্ষ সনদ যাচাই-বাছাই করতে ভুল করেছে।