রাজধানীর মগবাজারে ট্রেনের লেভেল ক্রসিংয়ে সিগন্যাল বার অমান্য করে উল্টোপথে ঢুকতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম সাবিল হোসেন রিফাত (২৬)। এ ঘটনায় নিহতের বড় ভাই সামিল হোসেন রিয়াজ (৩০) আহত হয়েছেন। রবিবার রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাই একটি মোটরসাইকেলে গুলশান থেকে শান্তিবাগের গুলবাগে তাদের বাসায় ফিরছিলেন। বড় ভাই মোটরসাইকেল চালাচ্ছিলেন। ছোট ভাই পিছনে বসে ছিলেন। মগবাজারে ট্রেনের লেভেল ক্রসিংয়ে সিগনাল বার নামিয়ে দেওয়া হয়। তারা রোড ডিভাইডারের গ্যাপ দিয়ে উল্টো রাস্তায় চলে আসেন। উল্টো পথ দিয়ে রেললাইন পাড় হওয়ার সময় কমলাপুর থেকে আগত একটি ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় রিফাত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। বড় ভাই রিয়াজের এক পায়ের ওপর দিয়ে ট্রেন চলে যায়। রিয়াদকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে তাকে প্রয়োজনীয় চিকিত্সা দিয়ে পাঠিয়ে দেয়া হয় ট্রমা সেন্টারে। বর্তমানে সেখানেই তার চিকিত্সা চলছে। নিহত রিফাত সমপ্রতি ঢাকা কলেজ থেকে প্রাণিবিদ্যায় মাস্টার্স সম্পন্ন করেছেন। প্রায় তিন বছর আগে বিয়ে করেন তিনি। তবে তার কোনো সন্তান নেই। তাদের বাবার নাম এমএ সেলিম।