দৃষ্টি প্রতিবন্ধীর জিপিএ-৫ লাভ

জেলার রায়পুরা থানার হাসনাবাদ গ্রামের হযরত আলী ও মাজেদা বেগমের পুত্র সেলিম মিয়া ২০১২ সালে অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ১নং হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী সেলিম মিয়ার মাতা মাজেদা বেগম জানান, ছেলে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় আমরা তার লেখাপড়ার আশা ছেড়ে দিয়েছিলাম কিন্ত বেসরকারি সেবা সংস্থা অ্যাসিস্টেন্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি) এর আন্তরিক প্রচেষ্টায় আজ আমি আশার আলো দেখতে পাচ্ছি। এবিসির প্রশিক্ষক মো. সাজ্জাতুল ইসলাম তাকে বাড়িতে গিয়ে ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দান করেছেন। এছাড়া হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন এবিসি থেকে ব্রেইল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। এবিসির প্রকল্প পরিচালক আব্দুল হালিম উক্ত স্কুলে এবিসি স্থাপিত আইসিটি সেন্টারে সেলিমকে ভর্তি করে দেন। কম্পিউটার প্রশিক্ষক আব্দুল আলিম বাবু জানান, সেলিম ভাল কম্পিউটার চালাতে জানে। সেলিমকে এ বছর হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি করানোর দায়িত্ব নিয়েছে এবিসি। দৃষ্টি প্রতিবন্ধী সেলিম জানায়, সে লেখাপড়া করে বড় হয়ে শিক্ষক হয়ে দেশের সেবা করতে চায়।