চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত থার্টি ফার্স্ট নাইটের জমজমাট লাইভ অনুষ্ঠানে আসার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটর সাইকেল আরোহী তিন বন্ধু মোজাম্মেল হক (৩০), আবুল হাসান (২৯) ও মোহাম্মদ আবদুল্লাহ (৩১)। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তিন বন্ধুর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গোয়ালিয়াপাড়া গ্রামে। চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট নিজামউদ্দিন সাংবাদিকদের জানান, নিহত তিনজনই একটি মোটর সাইকেল চড়ে কক্সবাজার যাচ্ছিলেন। সেখানে পৌঁছে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অনুষ্ঠিত থার্টি ফার্স্ট নাইটের এনটিভির লাইভ অনুষ্ঠান দেখার ইচ্ছা ছিল তাদের। পথিমধ্যে রাত সাড়ে ৯টার দিকে মহাসড়কের গয়ালমারায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় তিনজনই ঘটনাস্থলে মারা যান।