রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পবিত্র রমজানে এই সময়সূচি নির্ধারণ করা হয়। তবে জরুরি বিভাগগুলো তাদের নিজস্ব নিয়মে চলবে।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) মো. শামসুল আরেফিন এক প্রেস ব্রিফিংয়ে জানান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

শ্রীলঙ্কায় হতাহতের ঘটনায় মন্ত্রিসভার শোক

এদিকে শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় গতকাল মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়। এ প্রসঙ্গে শামসুল আরেফিন বলেন, শ্রীলঙ্কায় বোমা হামলায় ২৫৩ জন নিহত ও ৫০০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় তিন গির্জা ও চার হোটেলসহ আট জায়গায় ওই বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করীম সেলিমের নাতি আট বছর বয়সী জায়ান চৌধুরীও মারা যায়।

এছাড়া লেবাননের সঙ্গে সংস্কৃতি বিষয়ক একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইনের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।