বিশেষ অনুমতি

ফরম পূরণের সুযোগ পেলো গৌরনদীর ৬৩ জন এইচএসসি পরীক্ষার্থী

অবশেষে বরিশালের গৌরনদী বালিকা মাধ্যমিক স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ৬৩ জন ছাত্রী এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ পেয়েছে। গত মঙ্গলবার বোর্ড চেয়ারম্যানের বিশেষ অনুমতিক্রমে ওই ছাত্রীদের ফরম পূরণ করা হয়। কলেজের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ৮৪ জন ছাত্রী তাদের ফরমপূরণের দাবিতে দীর্ঘদিন থেকে কলেজ অধ্যক্ষর কাছে ধরনা দিয়ে ব্যর্থ হন। অবশেষে ওইসব শিক্ষার্থী কোন উপায়ান্তর না পেয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একাধিকবার কলেজের শিক্ষকদের অবরুদ্ধ করে বিষের বোতল নিয়ে আত্মহত্যার হুমকি দেয়। এরপর ২১ জন ছাত্রীর ফরমপূরণ করা হলেও বাকি ৬৩ জন ছাত্রীর ফরমপূরণ করা হয়নি। ৩০ ডিসেম্বর ফরমপূরণের সর্বশেষ তারিখ ছিল। কলেজ অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ জানান, এ নিয়ে গত কয়েক দিন যাবত দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ সমপ্রতি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদারকে ফরমপূরণ করার জন্য অনুরোধ করেন। এব্যাপারে চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদার সত্যতা স্বীকার করে বলেন, কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুয়ায়ী বিশেষ অনুমতিক্রমে তাদের ফরমপূরণের ব্যবস্থা করা হয়েছে।