জামায়াত-পুলিশ সংঘর্ষে মালিবাগ রণক্ষেত্র
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩২
যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর রামপুরা ও মালিবাগে জামায়াতে ইসলামী ও শিবিরের পৃথক মিছিলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকালে রামপুরা বিশ্বরোড এলাকায় জামায়াত-শিবির কর্মীরা হঠাত্ পৃথক মিছিল বের করে গাড়ি ভাংচুরের চেষ্টা করলে এ সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় পুলিশের লাঠি চার্জ, টিয়ার সেল এবং রাবার বুলেটের আঘাতে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুলসহ অন্তত অর্ধশত আহত হয়েছেন। সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অর্ধশতাধিক রাউন্ড টিয়ার গ্যাস সেল ও শতাধিক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এদিকে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে রামপুরা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন কিছু সময়ের জন্য বিশ্বরোডে (মালিবাগ-কুড়িল) গাড়ি চলাচল বন্ধ ছিল। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাতিল, কারাগারে আটক নেতা-কর্মীদের মুক্তি এবং সমপ্রতি গ্রেফতার হওয়া ইসলামী ছাত্রী সংস্থার ২০ জন নেত্রীর মুক্তির দাবিতে মিছিল বের করে জামায়াত-শিবির। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ মিছিল বের করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। তিনি আরো জানান, মিছিল করার সময় নূরুল ইসলাম বুলবুলসহ অন্তত ২০ থেকে ২৫ জন কর্মী শর্টগানের গুলিতে আহত হয়েছেন। জামায়াত কর্মীদের দাবি, সংঘর্ষের ঘটনায় তাদের অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন এবং নূরুল ইসলাম বুলবুল গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪ টার দিকে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকা থেকে জামায়াত-শিবিরের কয়েকশ’ নেত-কর্মী মিছিল বের করে। মিছিলটি মালিবাগ কাঁচা বাজারের দিকে যাওয়ার পথে আশপাশের বিভিন্ন গলিতে আগে থেকেই অবস্থান নেয়া আরও কয়েকশ’ কর্মী মিছিলে যোগ দেয়। এদিকে টিভি ভবনের সামনে জামায়াত-শিবির কর্মীরা আগে থেকে জড়ো হয়ে মিছিল শুরু করে। একই সময় হাজীপাড়া এলাকা থেকে শিবিরের অপর একটি মিছিল বের হয়। এসব মিছিল থেকে কর্মীরা গাড়ি ভাংচুরের চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিছিলের পেছন থেকে তাদেরকে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়েও নেতা-কর্মীরা মিছিল বন্ধ না করে মিছিলকারীরা পাল্টা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। শুরু হয় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছোঁড়ে। এসময় রামপুরা টিভি সেন্টার থেকে মালিবাগ রেল গেট পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জামায়াত-শিবির কর্মীরা এ সময় আশপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। আধা ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষের সময় পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার সৈয়দ নূরুল ইসলাম জানান, গাড়ি ভাংচুর করতে না দেয়ায় জামায়াত-শিবির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার সেল নিক্ষেপ করেছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে।