আগামী নির্বাচন হবে খালেদা জিয়ার ফর্মুলায় :তরিকুল
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সরকারের উদ্দেশে বলেছেন, সংলাপের কথা বলে দেশে বিদ্যমান রাজনৈতিক সংকটের বরফ গলানোর যে চেষ্টা চলছে; তা সম্ভব হবে না। এভাবে সংকটের সমাধান হবে না। নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে সংবিধান সংশোধন করতে হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে ফর্মুলার কথা বলেছেন সে ফর্মুলা অনুযায়ী আগামী নির্বাচন হবে। যত তাড়াতাড়ি এ দাবি মেনে নিবেন ততই দেশের জন্য মঙ্গল। নইলে যে কোনো পরিস্থিতির দায় আপনাদেরই নিতে হবে। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের সাংগঠনিক সম্পাদক আকম মোজাম্মেল হকসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ, সহ-সভাপতি মোরতাজুল করীম বাদরু, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।