রাজনৈতিক দলগুলো স্বার্থ হাসিলের জন্য ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর সাহেব মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম বলেছেন, অনেকে মনে করেন ছাত্র রাজনীতি করলে পড়াশোনা হয় না, যা ঠিক নয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যারা করেন তারা মেধাবী ছাত্র। উচ্চ শিক্ষায় তারা ভাল ফলাফলও করে থাকেন। তিনি গতকাল বুধবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলা সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ভাষা আন্দোলনসহ দেশের জনগণের দাবি আদায়ে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ছাত্র সংগঠন। বর্তমানে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ হাসিলের জন্য ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। তিনি আরো বলেন, কোন সরকার ইশা ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সন্ত্রাসী, দুনীর্তিবাজ আখ্যায়িত করতে পারেনি। রাসূল (সঃ) এর অনুসরণে ইশা ছাত্র আন্দোলনের জন্ম হয়েছে। ছাত্র আন্দোলনের পিরোজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ ফয়জুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এস.এম মাঈনউদ্দীন জাহাঙ্গীর, ইশা শ্রমিক আন্দোলনের আহবায়ক অধ্যাপক আশরাফ আলী আকন, ইশা আন্দোলনের পিরোজপুর জেলা সভাপতি এডভোকেট এম.এ জব্বার প্রমুখ।