কুয়াকাটা সমুদ্র সৈকতে বিষ দিয়ে অতিথি পাখি নিধন
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
কুয়াকাটার কাউয়ার চর গঙ্গামতি সমুদ্র সৈকতের তিনটি স্থানে মাছের সাথে বিষ প্রয়োগ করে অতিথি পাখি নিধন করছে স্থানীয় একটি চক্র। গঙ্গামতি গ্রামের বাহাউদ্দিন (৩৫) নামের এক যুবকের নেতৃত্বে অতিথি পাখি নিধন করা হচ্ছে বলে জানা যায় ।
প্রত্যক্ষদর্শী পর্যটক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল ড্রাইভাররা জানান, কাউয়ার চর ও গঙ্গামতি সমুদ্র সৈকতের কয়েকটি স্থানে ছোট ছোট মাছের সাথে বিষ মিশিয়ে ছিটিয়ে রাখে স্থানীয় যুবক বাহাউদ্দিনসহ আরো কয়েকজন। একটু পরে অতিথি পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এসে সমুদ্র সৈকতে বসলে বিষ মেশানো মাছগুলো খেয়ে ফেলে। একটু পরেই পাখিগুলো অসুস্থ হয়ে কাত হয়ে পড়ে। সেই সুযোগে বাহাউদ্দিন ও তার লোকজন পাখিগুলো ধরে দা দিয়ে জবাই করে বিক্রির জন্য বস্তা ভর্তি করে। এ দৃশ্য পর্যটক ও মোটরসাইকেল ড্রাইভাররা দেখতে পেয়ে প্রতিবাদ করার পর বনবিভাগের লোকজনকে জানায়। বন বিভাগের লোকজন এসে ঘাতককে আটক না করে লোক দেখানো শাসিয়ে পাখিগুলো ভাগ করে কয়েকজনকে দিয়ে দেয়।
গঙ্গামতি বনবিভাগের বিট অফিসার রেজাউল করিম জানান, পাখি মারার পরে আমাদের লোকজন সেখানে গেছে। পাখি ভাগ করে অপরাধীদের কেন ছেড়ে দেয়া হলো জিজ্ঞেস করলে তিনি সদুত্তর দিতে পারেননি। এ ঘটনায় অনেক পর্যটকসহ এলাকার মানুষ অতিথি পাখি নিধনের ঘাতক বাহাউদ্দিনসহ অন্যান্যের শাস্তি দাবী করেন।