প্রধানমন্ত্রী আজ ময়মনসিংহ সফর করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ময়মনসিংহ সফরে আসছেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ময়মনসিংহ জেলার সর্বত্র জনসাধারণের মাঝে ব্যাপক প্রচারণা ও উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষে ময়মনসিংহ শহরকে নতুন সাজে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে এবং রং-বেরঙের ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে রাস্তার দুই পার্শ্ব। ইতোমধ্যেই এই জনসভাকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সারা শহরের বিভিন্ন স্থানে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেই সাথে বিভাগ বাস্তবায়নের ঘোষণা শুনার অপেক্ষায় রয়েছে ময়মনসিংহবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ময়মনসিংহবাসীর এ দাবি পূরণ করবেন। এ প্রশ্ন এখন সকলের। প্রকাশ, ইতিপূর্বে নির্বাচনী জনসভায় ময়মনসিংহকে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সার্কিট হাউজের জনসভার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী-২০১২ আয়োজিত দুইদিনব্যাপী বিভিন্ন উত্সবের উদ্বোধন করবেন। পরে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন পাঁচ’শ শয্যার হাসপাতাল চত্বরে আরো একটি পাঁচ’শ শয্যার নবনির্মিত হাসপাতাল ভবনের উদ্বোধন করবেন ও মাসকান্দায় নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন করবেন।