বিএনপি করায় চাকরি
গেল মনিরার!
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৮
পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সাথে জড়িত তাই চাকরি গেল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কম্পিউটার অপারেটরের। মনিরা আক্তার নামে এই তৃতীয় শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ তিনি ‘বিএনপি মনোভাবাপন্ন’। গত বছরের মে মাসে তার নিয়োগ হয়েছিল। পুলিশ প্রতিবেদনে জানিয়েছে এই কর্মীর পরিবারের লোকজন বিভিন্ন সময় সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। তাই তাকে এই পদে মনোনীত করা সমীচীন হবে না। গত মঙ্গলবার এনবিআর এক আদেশে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এমন অভিযোগে কারো চাকরি যেতে পারে কি না এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেনের সাথে ইত্তেফাকের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। এমন ঠুনকো অভিযোগে চাকরি হারিয়ে মনিরা আক্তার নিজেও ভীত। প্রতিবেদকের পরিচয় দিয়ে তার সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি চিরতরে সরকারি চাকরির দরজা বন্ধ হওয়ার ভয়ে প্রথমে কথা বলতে চাননি। তবে তিনি জানান, ‘স্থানীয় কেউ হয়তো শত্রুতা করে এমন অভিযোগ দিয়ে থাকতে পারে। এছাড়া পুলিশ সদস্যরা তাদের বাড়িতে যাওয়ার পর তাদের ১ হাজার ৫০০ টাকা দেয়া হয়।