চট্টগ্রাম বন্দরে পানামা
পতাকাবাহী জাহাজ
আটক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পানামার পতাকাবাহী একটি জাহাজ আটক করেছে। ওইএল বেঙ্গল নামে ওই জাহাজটিতে নিরাপত্তা ত্রুটি ছিল। আন্তর্জাতিক জাহাজ এবং বন্দর সুবিধা নিরাপত্তার (আইএসপিএস) নিয়ম-কানুনও মানেনি জাহাজটি। গত সোমবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছায়। কন্টেইনারবাহী ওই জাহাজটি সিঙ্গাপুর থেকে ৮৯২টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম আসে।
জানা যায়, চট্টগ্রাম বন্দরে আসা অনেক জাহাজেরই নিরাপত্তা ত্রুটি থাকে। এছাড়া অনেক শর্ত মানা না হলেও বন্দর কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন থাকে। আবার অনেক সময় অনিয়ম ধরা পড়লেও অজ্ঞাত কারণে তাদের ছেড়ে দেয়া হয়। চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন হাবিবুর রহমান বলেন, অনুসন্ধানের পর জাহাজে অনেক ত্রুটি ধরা পড়ে।
জানা যায়, ওইএল বেঙ্গল জাহাজটি নিয়মিত চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আনা-নেয়া করছে। ওইএল বেঙ্গল এর স্থানীয় এজেন্ট হচ্ছে গ্যালাক্সি এভিয়েশনের সহযোগী প্রতিষ্ঠান জিবিএক্স লজিস্টিক লিমিটেড। জিবিএক্স এর অপারেশন কাজের দায়িত্বে থাকা মোহাম্মদ তানভির জানান, জাহাজটির ক্লাস সার্ভে হওয়ার পর চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাবে।