কামারুজ্জামানের মামলার
কার্যক্রম নতুন করে
শুরুর আবেদন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের মামলার কার্যক্রম নতুন করে শুরুর আবেদন জানিয়েছে আসামিপক্ষ। গতকাল বুধবার কামারুজ্জামানের আইনজীবী তাজুল ইসলাম এ আবেদন করেন। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ চলমান মামলায় এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামীকাল এই আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
এদিকে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের মন্তব্যের ব্যাখ্যা দেয়ার জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল এ বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যাখ্যা দেয়ার দিন নির্ধারিত ছিল। তাঁর আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সময় বাড়ানো হলো।
আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষীকে জেরা শেষ
বিএনপি নেতা আবদুল আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মুক্তিযুদ্ধকালে শহীদ জব্বল হোসেনের মেয়ে বিউটি খানমকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। গতকাল ট্রাইব্যুনাল-২ এ তাকে তৃতীয়দিনের মত জেরা করেন আসামিপক্ষের আইনজীবী এএইচএম আহসানুল হক হেনা। মামলার কার্যক্রম আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ দিন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।