খসড়া ভোটার তালিকা প্রকাশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ দেশের সর্বত্র হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার থেকে রাজধানী ঢাকার ৯২টি ওয়ার্ড কার্যালয়সহ দেশের সকল থানা, জেলা ও বিভাগীয় অফিসে এই খসড়া তালিকা পাওয়া যাচ্ছে। খসড়া তালিকার ব্যাপারে কোন আপত্তি থাকলে তা জানাতে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় (রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়), সংশ্লিষ্ট ওয়ার্ড, পৌরসভা, ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ক্যান্টনমেন্ট বোর্ডে প্রদশর্নের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষেত্রে খসড়া ভোটার তালিকার একটি কপি সমন্বয়কারীর কার্যালয়ে থাকবে। ভোটার হওয়ার যোগ্য কোন ব্যক্তি খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়লে অথবা খসড়া তালিকাভুক্ত কোন ভোটারের বিরুদ্ধে আপত্তি অথবা কোন অন্তর্ভুক্তির সংশোধনীর প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য সংশোধনকারী কর্তৃপক্ষ (রিভাইজিং অথরিটি) বরাবর নির্দিষ্ট ফরমে আবেদন করার জন্য অনুরোধ করেছে ইসি। ঢাকা মহানগরীর ক্ষেত্রে সংশোধনকারী কর্তৃপক্ষ হচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং তেজগাঁও সার্কেলের ১৭টি ইউনিয়নের জন্য সার্কেল অফিসার, তেজগাঁও উন্নয়ন সার্কেল। এছাড়া দেশের অন্যান্য সিটি করপোরেশনের ক্ষেত্রে সংশোধনকারী কর্তৃপক্ষ হচ্ছেন সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা নির্বাচন অফিসার এবং ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে নিজ নিজ ক্যান্টনমেন্টের আওতাভুক্ত ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সকল)। সংশোধনকারী কর্তৃপক্ষ (রিভাইজিং অথরিটি) বরাবর আবেদনের সময় ১৭ জানুয়ারি পর্যন্ত। আবেদনসমূহের নিষ্পত্তির শেষ তারিখ ২২ জানুয়ারি। দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ জানুয়ারি। গত বছরের ১০ মার্চ থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হয় গত ১৫ ডিসেম্বর। আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে সর্বমোট ৯ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ২২৫ জন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সারাদেশে ভোটার বেড়েছে ৬৯ লাখ ৩০ হাজার ৩০৩ জন। গত ১০ মার্চ হালনাগাদ কাজ আরম্ভ হওয়ার আগ পর্যন্ত সারাদেশে মোট ভোটার ছিল ৮ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৯২৫ জন। এ সময় বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ দেয়া হয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৮৯৩ জন। অবিতরণকৃত পরিচয়পত্র বিতরণ করা হয়েছে ৩৮ লাখ ২৬ হাজার ৮৯২টি। এএফআইএস (অটোমেটেড ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম) ম্যাচিং পদ্ধতিতে ভোটার পুনঃনিবন্ধন করা হয়েছে ৪ লাখ ২৭ হাজার ৬৯৩ জন। উল্লেখ্য, ২০১৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদের এবারের হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।