শিষ্যদের মাঝে ভিলানোভা
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ১৯:৪৫
ক্যান্সার অস্ত্রপচারের দুই সপ্তাহ পার হওয়ার আগেই বার্সেলোনার অনুশীলন শিবিরে উপস্থিত হয়ে সবাইকে এক রকম চমকেই দিলেন বার্সেলোনার প্রধান কোচ টিটো ভিলানোভা। তার এই আগমনের উদ্দেশ্য ছিল খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করা।
গলায় প্যারোটিড গ্রন্থির কাছে ক্যান্সারাক্রান্ত টিস্যুতে দ্বিতীয় দফা অপারেশনের জন্য ভিলানোভা দলের কোচের দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়াতে বাধ্য হন। ২০১১ সালের নভেম্বরে প্রথমবার অস্ত্রপচার করে ভিলানোভার লালাগ্রন্থি অপসারণ করা হয়।
৪৪ বছর বয়সী এই কোচ বর্তমানে কেমো এবং রেডিওথেরাপি নেয়ার জন্য ছয় সপ্তাহ ডাক্তারের তত্ত্বাবধানে রয়েছেন। শরীরের এই অবস্থাতেও বার্সার অনুশীলন স্থান সিউদাদ দেপোর্তিভো ঘুরে গিয়ে যেন দলের প্রতি নিজের আত্মনিবেদনেরই প্রমাণ দিলেন ভিলানোভা। ভিলানোভার অনুপস্থিতিতে তার সহকারী জর্ডি রৌরা বর্তমানে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ডিসেম্বরের ২২ তারিখে সর্বপ্রথম জানা যায় ভিলানোভাকে দ্বিতীয় বারের মত ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। তবে বার্সেলোনার মেডিক্যাল টিম তখন জানিয়েছিল পরিস্থিতি অনুকূলে থাকলে দলের দায়িত্ব পালনের পাশাপাশিই ক্যান্সার চিকিত্সা করতে পারবেন ভিলানোভা। বার্সা সভাপতি স্যান্দ্রো রোসেল আশা প্রকাশ করেছেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ভিলানোভা দলেন কোচের দায়িত্বে ফিরতে পারবেন।