ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস
আজারেঙ্কা ভেনাস মুখোমুখি সেমিতে
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ১৯:৪৬
বিশ্বের এক নাম্বার বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা ব্রিসবেন ইন্টারন্যাশনালের সেমিফাইনালে পা রেখেই প্রতিপক্ষ হিসেবে পেলেন সেরেনা উইলিয়ামসকে।
আজারেঙ্কা গতকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে সেনিয়া পের্ভাককে ৬-১ , ৬-০ সেটে হারিয়ে শেষ চারে ওঠেন। টুর্নামেন্টের শুরুতেই সাবেক এক নাম্বার খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকিকে হারিয়ে অঘটনের জন্ম দেয়া পের্ভাক এদিন দাঁড়াতেই পারেননি আজারেঙ্কার সামনে। আগের দুটি ম্যাচ তৃতীয় সেটে টাইব্রেকারে জিতে আসার কারণেই হয়তো কিছুটা ক্লান্ত ছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন আজারেঙ্কা কাজাখস্তানের পের্ভাককে হারাতে সময় নেন মাত্র ৬৮ মিনিট। পুরো ম্যাচে আজারেঙ্কা সাতটি ব্রেক পয়েন্ট পান।
সেরেনা উইলিয়ামস প্রতিযোগিতার আরেক কোয়ার্টার ফাইনালে স্বদেশী ও আমেরিকান স্লোয়ান স্টিফেন্সের বিরুদ্ধে ৬-৪, ৬-৩ গেমে জিতে। এ নিয়ে স্লোয়ানের বিরুদ্ধে ৩৫ ম্যাচের ৩৪ টিতেই জয় পান সেরেনা।
আমেরিকান সেরেনার বিরুদ্ধে রেকর্ড মোটেই ভাল নয় আজারেঙ্কার। দু’জনের আগের ১২বারের মুখোমুখিতায় আজারেঙ্কা জিতেছেন মোটে একবার। আর ২০১২ সালে পাঁচবার সেরেনার বিরুদ্ধে নেমে একবারও জিততে পারেননি বেলারুশিয়ান মেয়েটি। আজারেঙ্কাও তাই মানছেন সেরেনার মুখোমুখি হলে লড়াইটা সহজ হবে না মোটেও। তিনি বলেন,“এ বিষয়ে কোন সন্দেহ নেই যে এটি একটি কঠিন ম্যাচই হবে। আমি এ ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমাদের দু’জনের সামনে সুযোগ এসেছে আরও একবার পরস্পরের মুখোমুখি হওয়ার এবং অস্ট্রেলিয়ান ওপেনের জন্য এটি হবে একটি বড় পরীক্ষা।”
আজারেঙ্কার জন্য গেল বছরটির সূচনা হয়েছিল দুর্দান্তভাবে। সিডনি ইন্টারন্যাশনাল জিতে শুরু করা বেলারুশি মেয়েটি তার ক্যারিয়ারের সবচাইতে বড় টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। এই সময়েই টানা ২৬ সপ্তাহ জিতে বিশ্ব র্যাংকিংয়ে এক নম্বর আসনটি পান তিনি। তবে ফরাসি ওপেনে প্রথম রাউন্ড থেকে আজারেঙ্কার বিদায়ের পর বছরের বাদবাকি অংশ দাপুটেভাবে শেষ করে সেরেনা। উল্লেখ্য, শীর্ষ দশের মধ্যে কেবল আজারেঙ্কা এবং সেরেনাই ব্রিসবেন ইন্টারন্যাশনালে এখনো টিকে আছেন।
এদিকে ছেলেদের বিভাগে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন সাবেক এক নাম্বার খেলোয়াড় লেটন হিউয়িট। উজবেকিস্তানের ডেনিস ইস্টোমিন ৭-৫,৭-৫ সেটে হারান হিউয়িটকে। অলিম্পিক স্বর্ণজয়ী এবং ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অ্যান্ডি মারে মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার জন মিলম্যানের।