আইটেম গানে সোনাক্ষি

আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন ‘দাবাঙ’খ্যাত বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা। এর আগে ‘ওহ মাই গড’ ছবিতে ‘গো গোবিন্দা’ গানে পারফর্ম করে থাকলেও সেটি কোনো আইটেম গান ছিল না। সেই হিসেবে এবারের আইটেম গানটি হবে সোনাক্ষির ক্যারিয়ারের প্রথম আইটেম গান। সাজিদ খান পরিচালিত নতুন ছবি ‘হিম্মতওয়ালা’র একটি গানে পারফর্ম করবেন সোনাক্ষি। সম্প্রতি এর চুক্তি সম্পন্ন হয়। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগণ এবং সাথে থাকছেন তামিল অভিনেত্রী তামান্না। এই ছবির শুধু আইটেম সঙটিই করবেন সোনাক্ষি। আর গানের দৃশ্যায়নে সোনাক্ষিকে দেখা যাবে সেই চিরচরিত শাড়িতেই। শাড়ি ছাড়া সোনাক্ষি নিজেকে বেমানান মনে করেন। উল্লেখ্য, ‘দাবাঙ’খ্যাত এই অভিনেত্রীর হাতে এখন অনেকগুলো ছবি। এসব ছবির মধ্যে শুটিং চলছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ২’ এবং ‘লুটেরা’র। এ দু’টি ছবি ছাড়াও তিনি খুব শীঘ্রই ‘বুলেট রাজা’, ‘থুপাক্কি রিমেক’ এবং ‘রেম্বু রাজকুমার’ ছবিতে অভিনয় শুরু করবেন। সব মিলিয়ে বলা যায় সোনাক্ষি সিনহা আগামী দু’বছরের মধ্যে বলিউডের সেরা নায়িকাদের মধ্যে স্থান করে নিবেন।