শ্রীলঙ্কায় সামরিক উর্দি পরা জঙ্গিদের হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ২১ এপ্রিল যে জঙ্গি গোষ্ঠী হামলা চালিয়েছিল তারাই আবার সামরিক পোশাক পরে হামলার পরিকল্পনা করছে। আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে পুলিশ সতর্ক করে বলেছে, ফের বড় ধরনের হামলা হতে পারে। রবিবার কিংবা গতকাল সোমবারও জঙ্গিরা ৫টি স্থানে হামলার পরিকল্পনা করেছিল। গির্জাসহ অভিজাত হোটেলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে দেশটিতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছে।
প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জানিয়েছেন, জরুরি আইনের বিধিমালা প্রয়োগ করে তিনি এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। প্রেসিডেন্টের অফিস বলেছে, চিহ্নিত করার জন্য মুখ দেখা যায় না এমন যে কোনো পোশাকের ওপর নিষেধাজ্ঞা বলবত হবে এবং এটি করা হয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে। তবে এ নিষেধাজ্ঞা মুসলিম নারীরা মুখ ঢেকে রাখতে যে বোরকা বা নিকাব পরিধান করেন সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। যদিও এ ধরনের পোশাককে টার্গেট করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে পুলিশের প্রধান হিসেবে নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। -রয়টার্স ও বিবিসি