তুলা আমদানিতে নগদ সহায়তার আবেদনের সময় বাড়ল

২০১০ সালের আগস্ট থেকে ২০১১ সালের মার্চ সময়ে বস্ত্রশিল্পের জন্য তুলা আমদানির বিপরীতে ক্যাশ ইনসেনটিভ (বিশেষ নগদ সহায়তা) পেতে আবেদনের সময়সীমা আরো এক মাস বেড়েছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য মিলগুলোই শুধুমাত্র এ সুবিধা পাবেন। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলারদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়েছে, বস্ত্রশিল্পের স্পিনিং, উইভিং, ডাইং-ফিনিশিং সংশ্লিষ্ট বিটিএমএ-এর মিলসমূহের মধ্যে যে সকল মিল উল্লেখিত সময়ে উচ্চমূল্যে তুলা আমদানি করেছে তাদের জন্য সরকারের দেয়া ক্যাশ ইনসেনটিভ প্রাপ্যতার ক্ষেত্রে আবেদনপত্র দাখিলের সর্বশেষ সময়সীমা আরও এক মাস বাড়ানো হলো। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়নো এ সময়সীমা এ সার্কুলার জারির তারিখ থেকে কার্যকর হবে বলে বলা হয়েছে। প্রসঙ্গত, উল্লেখিত সময়ে বিশ্ববাজারে তুলার দাম বেড়ে গিয়েছিল। পরে তুলার দাম পড়ে যাওয়ায় লোকসানে পড়ে ব্যবসায়ীরা। এ কারণে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তুলা আমদানির বিপরীতে ক্যাশ ইনসেনটিভ দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।