শিবচরের অপহূত শিশুকে ভাঙ্গা
থেকে উদ্ধার
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:২৩
শ্বাসরুদ্ধকর এক অভিযানে অপহরণের ২দিন পর মাদারীপুরের শিবচরের মাদবরচর ডাইয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী তিথি মালোকে (৭) ফরিদপুরের ভাঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার মধ্যরাত পর্যন্ত চলা অভিযানে পুলিশ মেয়েটির ছোট কাকা শরত্ মালো ও দুর্ধষ অজ্ঞান পার্টি নেতা জাকির মোল্লাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা ঘটনার সত্যতা স্বীকার করেছে।
জানা যায়, গত ৩১ ডিসেম্বর রাতে শিবচরের মাদবরচরের মালোপাড়ার দরিদ্র জেলে রাম মালোর মোবাইলে স্কুলের প্রধান শিক্ষক পরিচয়ে একটি কল আসে। প্রধান শিক্ষক দুদিন তার মেয়েকে দফায় দফায় স্কুলে ভর্তি করাতে বললে রাম মালোর স্ত্রী ভারতী মালো ১ জানুয়ারি সকালে মেয়ে তিথিকে নিয়ে স্কুলে যায়। কিন্তু স্কুলের শিক্ষকরা ৫০ টাকা দাবি করলে সে মেয়েকে স্কুলে রেখে বাড়িতে আসে। টাকা নিয়ে সে স্কুলে গিয়ে আর মেয়েকে পায়নি। অনেক খোঁজাখুঁজি করেও আর কোন সন্ধান মেলেনি।
পরদিন বুধবার সকালে একটি অপরিচিত মোবাইল থেকে তিথির বাবার মোবাইলে কল দিয়ে ৩০ হাজার টাকা দাবি করা হয়। উপায়ন্তর না দেখে পরিবারটি স্থানীয় সাংবাদিকদের সহায়তায় থানায় ছুটে যান। পুলিশ তাত্ক্ষণিকভাবে প্রযুক্তির কল্যাণে টাওয়ার সন্ধানে নিশ্চিত হয় শিশুটি ভাঙ্গায় আছে। বিকেলে কললিস্ট অনুসন্ধানে পুলিশ নিশ্চিত হয় এ ঘটনায় ওর ছোট কাকা শরত্ নিজেই জড়িত। সন্ধ্যার পর শিবচর থানার ২ পুলিশ কর্মকর্তার নেতৃত্বে শুরু হয় অভিযান। ভাঙ্গার সদরদি থেকে আটক করা হয় মেয়েটির ছোট কাকা শরেক। তার দেয়া তথ্য মতে চান্দ্রার এক বাড়ি থেকে উদ্ধার হয় শিশুটি। আটক হয় গৃহকর্তা গোবিন্দ। দীর্ঘ চেষ্টার পর মধ্যরাতে আটক করা হয় আরেক হোতা জাকির মোল্লাকে। অপহরণকারীদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল সেট ও সিম উদ্ধার হয়েছে। এভাবেই শিশু তিথি ফিরে পায় তার মায়ের কোল। শিবচর থানার ওসি একেএম মাসুদ বলেন,এ ঘটনায় মেয়েটির ছোট কাকা জড়িত। অপহরণের সাথে সম্পৃক্ত ৩ জনকে আটক করা হয়েছে।