মহাদেবপুরে ২৭ হাজার হেক্টরে বোরো চাষের লক্ষ্যমাত্রা

নওগাঁর মহাদেবপুরে বোরো চাষের ব্যাপক প্রস্তুতি নিয়েছে কৃষকরা। রোপা আমনের বাম্পার ফলনের পর বোরোর চারা তৈরির কাজে কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। মৌসুমের শুরুতে প্রচণ্ড শীত ও কুয়াশায় বোরো বীজতলার ক্ষতির আশংকা দেখা দিলেও কৃষি বিভাগের পরামর্শ ও কৃষকদের নিবিড় পরিচর্যায় বীজতলার তেমন ক্ষতি হয়নি বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। শীত ও কুয়াশা থেকে বীজতলা রক্ষার জন্য উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বীজতলায় জিমসাম, থিয়োভিট, সিকোর, সালফার জাতীয় ওষুধ প্রয়োগ ও রাতের বেলায় পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় চলতি মৌসুমে ২৭ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পরিমাণ জমিতে বোরো চাষের জন্য ১ হাজার ৩’শ ৫২ হেক্টর বীজতলা প্রয়োজন হলেও ১হাজার ৫’শ ২০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করেছেন কৃষকরা। চলতি বছর বোরোর চাল উত্পাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩ হাজার ৪’শ ৯৬ মে. টন।