ঘন কুয়াশায় দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চ বিপজ্জনক

আবহাওয়ায় বিরূপ ভাব থাকার কারণে দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চ চলাচল হুমকির মুখে পড়েছে। ঘন কুয়াশা পড়ায় রাতের লঞ্চ চলাচল বন্ধ রাখতে হয়। কিছু লঞ্চের চালক অনুমানে লঞ্চ চালাতে গিয়ে অন্য লঞ্চের সঙ্গে সংঘর্ষ ঘটাচ্ছে। কিন্তু তারপর নৌ কর্তৃপক্ষ থেকে নেয়া হচ্ছে না কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা। দক্ষিণাঞ্চলের যাত্রীবাহী লঞ্চগুলোকে এখন থেকে শুধু দিনে চলাচলের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। তাছাড়া ফেরিগুলো রাতে চলতে গিয়ে কুয়াশায় মাঝপথে গাড়িসমেত আটকে থাকছে। তাতে গাড়ির মধ্যে আটকেপড়া শত শত যাত্রীকে শীতের মধ্যে সারারাত অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এটাই কাম্য। মো. আবদুল হাকিম, বিনোদপুর, পঞ্চসার, মুন্সীগঞ্জ