সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের
চেহলাম আজ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের চেহলাম উপলক্ষে আজ শুক্রবার দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে। মুন্সীগঞ্জ শহরের পার্শ্ববর্তী নয়াগাঁও গ্রামে তাঁর নিজ বাড়িতে আয়োজিত চেহলামে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন মরহুম ইয়াজউদ্দিন আহম্মেদের সহধর্মিণী অধ্যাপিকা আনোয়ারা বেগম। ইয়াজউদ্দিন আহম্মেদ ১৯৩১ সালের ১ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫০ সালে বি.এস.সি ও ১৯৫২ সালে এম.এস.সি পাস করেন। তিনি যুক্তরাষ্ট্রের উইসকোন্সিন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে এম.এস. ও ১৯৬২ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। মৃত্তিকা বিজ্ঞানের এই অধ্যাপক ধান গাছের ওপর লবণাক্ততার প্রভাব এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে উচ্চ ফলনশীল ধান নিয়ে গবেষণা করেন। তাঁর অনেক গবেষণামূলক প্রকাশনা রয়েছে। গত ১০ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ৮১ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।