ঢাকা-চট্টগ্রাম রুটে আজ ও রবিবার
দুই জোড়া বিশেষ ট্রেন চালু
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:০৮
আজ শুক্রবার ও রবিবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে বেশি সংখ্যক যাত্রী পরিবহনের জন্য দুই জোড়া বিশেষ আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে। মেঘনা ও গোমতী সেতু মেরামত উপলক্ষে ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার কারণে যাত্রীদের সুবিধার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে। রেল পূর্বাঞ্চলের জনসংযোগ উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, আজ সকাল ৭টায় একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। পাশাপাশি একই দিন ঢাকা থেকে বিকাল ৩টা ২০ মিনিটে বিশেষ ট্রেনটি ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে রাত ৯টা ২১ মিনিটে। ৬ জানুয়ারি সকাল ৭টা ২০ মিনিটে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়ে সেখানে পৌঁছবে দুপুর ২টা ৫ মিনিটে। পাশাপাশি একই দিন ঢাকা থেকে বিকাল ৫টা ৪০ মিনিটে বিশেষ ট্রেন ছেড়ে চট্টগ্রাম এসে পৌঁছবে রাত ১২টা ২০ মিনিটে। এছাড়া ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এই রুটে চলাচলকারী সব ট্রেনে ২টি করে অতিরিক্ত কোচও সংযোজন করা হবে।