৯ পরিবারকে অর্থ সহায়তা দিল সিডিএ ও ঠিকাদার

বহদ্দারহাটে ফ্লাইওভারের গার্ডার ধসে নিহত ৯ পরিবারকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মির আক্তার-পারিশার পক্ষ থেকে ৪ লাখ টাকা করে অনুদান দেয়া হয়েছে। সিডিএ’র চেয়ারম্যান আবদুচ ছালাম নিহতদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন। এর আগে মর্মান্তিক এই ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা ও সিডিএ চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠান ওয়েল গ্রুপ থেকে ২ লাখ টাকা করে প্রদান করা হয়। এ সময় সিডিএ’র চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ফ্লাইওভারের গার্ডার ধসে পড়া একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। দুর্ঘটনায় নিহতের অভাব অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবুও পরিবারের সদস্যদের পাশে থাকতে সিডিএ’র পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও সিডিএ তাদের পাশে থাকবে। তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সিডিএতে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি, পঙ্গুদের ১ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেয়ারও ঘোষণা দেন। সিডিএ সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের সচিব তাহেরা ফেরদৌস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিডিএ’র বোর্ড সদস্য মফিজুর রহমান, ইউনুস গনি চৌধুরী, প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন চৌধুরী এবং সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।