কুষ্টিয়ায় গণপিটুনিতে
দুই ডাকাত নিহত
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:১২
বুধবার গভীর রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন আড়পাড়া গ্রামে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। তারা হলেন, আরিফ (৩৮) ও আশরাফুল (৩৬)। ঘটনাস্থল থেকে দেশে তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত দেড়টার দিকে ৮/১০ জন ডাকাত আড়পাড়া গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে ডাকাতির উদ্দেশে হানা দেয়। এ সময় ডাকাতের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিত্কার শুরু করলে প্রতিবেশী ও আশপাশের লোকজন লাঠি-সোঁটা নিয়ে ছুটে আসে এবং ডাকাত দলকে ঘেরাও করে ফেলে। কয়েকজন ডাকাত পালিয়ে যায় এবং দুই ডাকাত জনতার হাতে ধরা পড়ে। এ সময় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ডাকাত আরিফ ও আশরাফুল ঘটনাস্থলেই নিহত হয়। একজন গণপিটুনিতে মারাত্মক আহত হয়েছে। ডাকাতদের কাছ থেকে ১টি বন্দুক, ৩ রাউন্ড বন্দুকের কার্তুজ ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
নিহত ডাকাত আরিফ ঝিনাইদহ জেলার তৈলটুপি গ্রামের আলম মালিথার ছেলে এবং আশরাফুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানায়। ইবি থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, নিহত দুই ডাকাতের লাশের ময়না তদন্ত কুষ্টিয়া ২৫০ বেড হাসপাতালের মর্গে গতকাল বৃহস্পতিবার বিকালে সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় ইবি থানায় মামলা হয়েছে।