যৌতুকলোভী স্বামী
শ্বাসরোধে হত্যা
করলো স্ত্রীকে!
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:১৩
কুমিল্লায় আকলিমা আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার গভীর রাতে জেলার আদর্শ সদর উপজেলার দিঘীরপাড় ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ নিহতের স্বামী বাবুল মিয়াকে গ্রেফতার করেছে। নিহত আকলিমার ১৪ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১০ সালে আদর্শ সদর উপজেলার দিঘীরপাড় ঘোড়ামারা গ্রামের বাবুল মিয়ার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের শাহজাহান ভূঁইয়ার মেয়ে আকলিমা আক্তারের (১৯) বিয়ে হয়। অভিযোগে বলা হয়, বিয়ের পর থেকে বাবুল মিয়া আকলিমার পরিবারের নিকট যৌতুক দাবি করে আসছিল। যৌতুকের দাবি মেটাতে না পারায় বিভিন্ন সময়ে আকলিমাকে নির্যাতন করা হতো। এক পর্যায়ে বুধবার গভীর রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আকলিমার পিতা শাহজাহান ভূঁইয়া বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন। পুলিশ নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।