না’গঞ্জে গণপিটুনিতে
ডাকাত নিহত
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:১৪
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ওঠমা গ্রামে বুধবার রাতে ডাকাতি করার সময় এলাকাবাসী দু’জনকে আটক করে গণধোলাই দিয়েছে। এতে ঘটনাস্থলেই এক ডাকাতের মৃত্যু হয়। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গভীর রাতে গ্রামের নবীর হোসেনের বাড়িতে ১৫/২০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। বাধা দিলে তারা নবীর হোসেনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহতের চিত্কারে আশেপাশের লোকজন ছুটে এসে ডাকাত ফাইজুল (৪০) ও মূসাকে (৩৫) ধরে গণপিটুনি দেয়। এতে ফাইজুল ঘটনাস্থলেই মারা যান। পরে আহত মুসাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। নিহত ফাইজুল সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও গ্রামের অজল মিয়ার ছেলে এবং মুসা কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর উপজেলার দশআনি গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
সোনারগাঁও থানার ওসি হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ফাইজুলের বিরুদ্ধে সোনারগাঁও থানায় তিনটি ডাকাতি মামলা রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।