শিলাইদহ ও কুষ্টিয়ায়
ভারত-বাংলাদেশের
শিল্পীদের আয়োজন
গীতাঞ্জলির শতবর্ষ
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:১৪
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের নোবেল পুরস্কার প্রাপ্তির শতবর্ষ পূর্তি উপলক্ষে কুষ্টিয়া, শিলাইদহ ও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গীতাঞ্জলি-১০০’ শীর্ষক দুই দিনের অনুষ্ঠানমালা। আগামী ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য এ আয়োজনে দুই বাংলার খ্যাতিমান কণ্ঠশিল্পী ও বাকশিল্পীদের পাশাপাশি রবীন্দ্র গবেষকরা অংশ নেবেন। আগামী ১৮ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় শিলাইদহের কুঠিবাড়িতে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুই দিনব্যাপী এ অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশের অতন্দ্র একাত্তর ও ভারতের ফ্রেন্ডস ক্লাব অব বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এ তথ্য জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অতন্দ্র একাত্তরের আহবায়ক কবি বেলাল চৌধুরী। আরো বক্তৃতা করেন যুগ্ম আহবায়ক আবেদ খান ও নাসিরউদ্দিন ইউসুফ, সদস্য সচিব মুজতবা আহমেদ মুরশেদ, যুগ্ম সদস্য সচিব জয়ন্ত আচার্য এবং ফ্রেন্ডস ক্লাব অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক আর টি গোস্বামী ও কলকাতার শিল্পীদের সমন্বয়ক তপশ্রী গুপ্তা।
কবি বেলাল চৌধুরী বলেন, ২০১৩ সালে কবিগুরুর নোবেল প্রাপ্তির শতবর্ষ পূর্তি হচ্ছে। আমাদের এই প্রয়াস দুই বন্ধুপ্রতিম দেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের অধিকারী মানুষের বন্ধনকে সুদৃঢ় করার জন্যই শুধু নয়—রবীন্দ্রনাথ তথা বাংলাকে এদেশের মানুষের অন্তরের গভীরতম কন্দরে প্রতিষ্ঠিত করার চেষ্টাও বটে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী দিন আলোচনা সভায় অংশ নেবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও রবীন্দ্র গবেষক সনত্ কুমার সাহা। ১৯ জানুয়ারি দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমী মিলনায়তনে। এদিন প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। আলোচক হিসেবে আরো থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন। দুই দিনের অনুষ্ঠানমালার আলোচনায় আরো অংশ নেবেন বাংলাদেশের পক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অধ্যাপক খন্দকার আশরাফ হোসেন, শামসুজ্জামান খান ও ড. আখতার কামাল। ভারতের পক্ষে চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, কবি বীথি চট্টোপাধ্যায়, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ ও উপ-হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী। অনুষ্ঠানে দুই দেশের প্রখ্যাত শিল্পীরা গান ও আবৃত্তি পরিবেশন করবেন।
রমনায় পৌষ মেলা আজ
জাগো মানুষের সুপ্ত শক্তি, হাটে ঘাটে মাঠে বাঁকে—স্লোগান নিয়ে আজ শুক্রবার রমনার অশত্থমূলে শুরু হচ্ছে তিনদিনের পৌষ মেলা। আইল্যা জ্বালিয়ে আজ সকালে মেলার উদ্বোধন করবেন সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর। তিনদিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বাউল গান, যাত্রাপালা, কিচ্ছা-কাহিনী, আবৃত্তি, নাচ, একক ও দলগত পরিবেশনা। এতে দেশসেরা শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীরাও অংশ নেবেন। মেলায় প্রায় ৪০টি স্টলে প্রদর্শন করা হবে পিঠা-পুলি, পায়েস আর মুুড়ি-মুড়কিসহ নানা রকম খাবার ও পৌষ মেলার অনুষঙ্গ। মেলার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বিকাল পর্বের অনুষ্ঠান সম্প্রচার করবে আরটিভি। তিনদিনের এই মেলায় প্রতিদিন সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠান শুরু হয়ে ১১টা পর্যন্ত চলবে। বিরতির পর বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে একটানা রাত ৮টা পর্যন্ত চলবে।