কারমাইকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

রংপুর কারমাইকেল কলেজে ছাত্রদলের সম্মেলনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সভাপতি প্রার্থী দুই নেতার অনুসারীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সুজন মেহেদী নামে একজনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদল কারমাইকেল কলেজ শাখার কমিটি গঠনের লক্ষ্যে গতকাল সকাল থেকে সম্মেলন শুরু হয়। সম্মেলনে কারমাইকেল কলেজ সভাপতি পদে মনোনীত হন ১১জন নেতা। দুপুরে সম্মেলন শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম সোহাগকে ধাওয়া করে অপর সভাপতি প্রার্থী প্রসাদ রায়ের সমর্থকরা। তারা শহীদ মিনার মাঠ থেকে তাড়িয়ে ভাস্কর্যের কাছে নিয়ে গিয়ে সোহাগকে বেধড়ক মারপিট ও চাঁপাতি দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় সোহাগের সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হলে দু’পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আব্দুর রউফ রিমন, মাইদুল ইসলাম, লিমন, আরিফসহ আরও সাত জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।