জামিনের নিশ্চয়তা পেলেই
পার্টি অফিস থেকে বের
হবেন রিজভী
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:২১
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে প্রায় চার সপ্তাহ ধরে অবরুদ্ধ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জামিনের নিশ্চয়তা পেলেই আদালতে যাবেন। দলীয় কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার উপস্থিত কয়েকজন নেতা ও বিএনপির আইনজীবীরা এমন কথা জানিয়েছেন। এদিকে রিজভী আদালতে যেতে পারেন এমন খবরে—বিএনপির কার্যালয়ের সামনে গতকাল সকাল থেকে সাদা পোশাকের পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।
রিজভীর জামিন প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী বলেন, আদালতে হাজির হলে জামিন হওয়ার কথা। কিন্তু বর্তমান অবস্থা হলো, জামিনের ব্যাপারে আগাম নিশ্চয়তা ছাড়া দলীয় কার্যালয়ের প্রধান ফটক পার হলেই পুলিশ তাকে গ্রেফতার করবে।
হরতালের সময় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলা হওয়ার পর থেকে রিজভী দলীয় কার্যালয়ে অবস্থান করছেন। তিনি গত ৯ ডিসেম্বর বিএনপি কার্যালয়ে প্রবেশ করার পর থেকে গতকাল পর্যন্ত প্রধান ফটকের বাইরে বের হননি।