আরো দুই মামলায় গ্রেফতার দেখানো হলো ফখরুলকে
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৩, ২২:২১
অবরোধে গাড়ি ভাংচুরের দুই মামলায় হাই কোর্ট থেকে জামিন পাওয়ার একদিন পর আরো দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে। একইসঙ্গে পুলিশ মতিঝিল থানার মামলায় ১০ দিন ও সূত্রাপুর থানার অপর মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে। গ্রেফতারের আবেদন মঞ্জুর করে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর রিমান্ডের শুনানির জন্য আগামী ৮ জানুয়ারি দিন ধার্য করেছেন। এ ঘটনাকে জুলুম এবং সরকারের প্রতিহিংসা বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, হাইকোর্টের জামিন অকার্যকর করার জন্য এই নির্যাতনমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মতিঝিল ও সূত্রাপুর থানা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফখরুলকে দুই মামলায় গ্রেফতার দেখানোর এই আবেদন করা হয়। উপ-পরিদর্শক আজিজুল হক মতিঝিল থানার মামলায় মির্জা ফখরুলকে ১০ দিনের এবং উপ-পরিদর্শক হেকমত আলী সূত্রাপুর থানার মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।
গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৭টি মামলা হয়, তার প্রায় সবক’টিতে আসামি করা হয়েছে ফখরুলকে। এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দু’টি মামলায় ১০ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়। পুলিশ তাকে রিমান্ডে নিতে চাইলেও তা খারিজ করে ১১ ডিসেম্বর ফখরুলকে কারাগারে পাঠায় আদালত। পরদিন তাকে নেয়া হয় কাশিমপুর কারাগারে। এ দু’টি মামলায় ফখরুলের জামিন আবেদন নিম্ন আদালত খারিজ করে দিলে বুধবার হাইকোর্ট তাকে ৬ মাসের জামিন দেয়।
জামিন মঞ্জুরের পর ব্যারিস্টার মওদুদ বলেছিলেন, মির্জা ফখরুলকে অন্য কোন মামলায় গ্রেফতার দেখানো হয়নি। ফলে তার কারামুক্তিতে আর কোন আইনগত বাধা নেই। তবে এটর্নি জেনারেল জানান, মুক্তি দু’টি বিষয়ের উপর নির্ভর করবে। এর মধ্যে একটি হচ্ছে, মির্জা ফখরুলের বিরুদ্ধে অন্য কোন মামলা আছে কি-না বা আমরা হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাবো কি-না। তাই তিনি কারামুক্তি পাচ্ছেন বিষয়টি এখনই বলা যাচ্ছে না।