প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে শিশু সমাবেশ

দিনাজপুরের ফুলবাড়িতে বেসরকারি সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর সহযোগিতায় এবং উপজেলার দাদপুর চাইল্ড ডেভেলপমেন্ট স্পন্সরশীপ প্রকল্পের উদ্যোগে সম্প্রতি প্রাক-শুভবড়দিন উদযাপন উপলক্ষে আদিবাসী শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে রেভা নিমাই দাসের সভাপতিত্বে শুভবড়দিন উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশের আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রশিদ ও ফুলবাড়ি থানা প্রেসক্লাবের আফজাল হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য শফিকুল ইসলাম, দাদপুর চাইল্ড ডেভেলপমেন্ট স্পন্সরশীপ-এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সোলামন মারডি, প্রকল্প সভাপতি পাস্টর নিকোদেম মুরমু, মিখায়েল মারডি, শিক্ষক মিন্না মুরমু, লতা মেমব্রম, রেবেকা কিসকু প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি রেভা নিমাই দাস বলেন, আজকের অবহেলিত এ আদিবাসী শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দাদপুর চাইল্ড ডেভেলপমেন্ট স্পন্সরশীপ প্রকল্পের বিদ্যালয়টি কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই এ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে অনেক শিক্ষার্থী এখন দেশের বিভিন্ন নামিদামি স্কুল-কলেজে অধ্যয়ন করছে। অথচ এ বিদ্যালয় না থাকলে এসব শিশুর অধিকাংশই লেখাপড়ার কোন সুযোগ পেতো না।