নিজের গানের রিমেক করলেন শুভ্রদেব
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৫৫
টানা প্রায় একমাস ইউরোপ ট্যুর শেষ করে এবারে দেশে ফিরে নতুন অ্যালবামের কাজ শুরু করবেন কণ্ঠশিল্পী শুভ্রদেব। তবে নিজের নতুন কোনো গানের অ্যালবাম নয়। নিজের বেস্ট হিট গানগুলো আবার নতুন করে রিমেক করার পরিকল্পনা নিয়েছেন তিনি। এর ভেতরে বেশ কটি গানের রি-কম্পোজিশনের কাজও করে ফেলেছেন। শুভ্রদেবের কথায়, ‘আমি আমার জীবদ্দশায় গানগুলো এ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতেই এই উদ্যোগটি নিলাম। কারণ এক সময় ভেবে দেখলাম অসংখ্য গানই আমার কালোত্তীর্ণ হয়েছে। এ কারণেই নিজে থেকেই এই নিরীক্ষাটা করতে ইচ্ছে হলো। এর ভেতরে শিহাব রিপনের কম্পোজিশনে এরই ভেতরে কয়েকটি গানের রিমেক করেছি। সেগুলো বেশ কটি শোতে পারফর্ম করে তরুণ দর্শকদের ভেতর অভাবনীয় সাড়া দেখতে পেলাম। সত্যিই অভিভূত হয়েছি। বিশেষ করে এবারে ফিনল্যান্ডে আমার এই কম্পোজিন শুনে ওখানকার লেবেল কোম্পানি আমার গানগুলো বাজারজাতকরণের ব্যাপারে কথাও বলেছে। নিজের গানগুলোতে তাই আগামী শতাব্দীতেও আমি হারিয়ে যেতে দেবো না । এ কারণেই এই উদ্যোগটি নিয়েছি।