হরতাল প্রত্যাহারের আহ্বান জানালেন এফবিসিআই সভাপতি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:১২
হরতালকে দেশের অর্থনীতির উন্নয়নের অন্যতম বড় শত্রু উল্লেখ করে এ ধরনের কর্মসূচি প্রত্যাহারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহাম্মেদ। তিনি বলেন, উন্নত দেশের মতো বাংলাদেশ এখন ক্রমশ এগিয়ে যাচ্ছে। সম্ভাবনার দুয়ার খুলছে একের পর এক। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশের এখন উঠতি মুহূর্তে হরতাল কিংবা অবরোধ দেয়া হলে দেশের উন্নয়নের মারাত্মক বাধা আসবে। এ কারণেই হরতাল কিংবা অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহার করে বিকল্প কিছু ভাবা প্রয়োজন।
বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং নারায়ণগঞ্জে অবস্থিত ৭টি জাতীয়ভিত্তিক সংগঠনের উদ্যোগে এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহাম্মেদের নেতৃত্বাধীন নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কাজী আকরাম উদ্দিন আহাম্মেদ বলেন, নারায়ণগঞ্জে যেমন ব্যবসায়ীদের মধ্যে কোন বিরোধ নেই, তেমনি এফবিসিসিআই-এর নির্বাচিত পরিষদের মধ্যেও কোন বিরোধ নেই। গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, এফবিসিসিআই-এর সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী।